কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫৭৭ জন

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে মোট ৫৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

লতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রথম সহসভাপতি আজিমুল হাসান চৌধুরী আজিমের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজক আজিমুল হাসান চৌধুরী আজিম বলেন, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যারা অর্থাভাবে চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সরেজমিনে দেখা যায়, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দূরদূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিতে আসেন। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকেরা মেডিসিন, অর্থোপেডিকস, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার চিকিৎসকেরা।

চিকিৎসকরা হলেন— মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফেরদৌস আলম, অর্থোপেডিকস বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরান হাসান এবং মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান।

সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে ৫৭৭ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।