৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক সন্তানের জননী ইতি উধাও। মায়ের জন্য কাঁদছে অবুঝ শিশু।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

নদীতে মাছ ধরে দিন-রাত পরিশ্রম করে সংসার চালানোর পাশাপাশি নিজের একটি ঘর তৈরির স্বপ্ন দেখেছিলেন জহির। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝুঁকি নিয়ে মাছ ধরে তিল তিল করে জমিয়েছিলেন অর্থ। কিন্তু স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। স্ত্রীকে খুঁজে না পাওয়ার পাশাপাশি ঘর নির্মাণের জন্য জমিয়ে রাখা প্রায় সাড়ে ৫ লাখ টাকা ফেরত পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন হিজলার এই মৎস্যজীবী।

ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের। নিখোঁজ স্ত্রীর নাম ইতি বেগম। গত ১৯ অক্টোবর ২০২৬ চিকিৎসার কথা বলে পাতারহাটের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বামী জহির।

জহির ও তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় বছর আগে ধুলখোলা এলাকার বাসিন্দা মোস্তফা সরদারের মেয়ে ইতি বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে তামিমা নামে একটি শিশুকন্যা রয়েছে। বিয়ের শুরুর দিকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধের জেরে জহিরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও হয়েছিল বলে জানা গেছে। পরে সামাজিক সমঝোতার মাধ্যমে তাঁদের সংসার আবার শুরু হয়।

জহিরের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে নতুন করে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে মতবিরোধ চলছিল।

তিনি জানান, গত ১৯ অক্টোবর চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হন ইতি বেগম। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান জহির। নিখোঁজ হওয়ার পর থেকে ইতির ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে বলে তাঁর দাবি।

এদিকে, নিজের কষ্টার্জিত সঞ্চয় নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন জহির। তাঁর ভাষ্য, ভবিষ্যতে একটি ঘর নির্মাণের জন্য মাছ ধরে উপার্জন করা প্রায় সাড়ে ৫ লাখ টাকা তিনি বিশ্বাস করে শাশুড়ির কাছে জমা রেখেছিলেন। কিন্তু স্ত্রী নিখোঁজ হওয়ার পর সেই টাকা ফেরত চাইলে শ্বশুরবাড়ির লোকজন টাকা জমা রাখার বিষয়টি অস্বীকার করছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে জহিরের শাশুড়ি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর মেয়েও নিখোঁজ রয়েছেন এবং জহিরের টাকা জমা রাখার দাবিটি সত্য নয়।

স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা এবং সঞ্চিত অর্থ নিয়ে বিরোধে চরম দুশ্চিন্তায় দিন কাটছে জহিরের। তবে এর মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ তাঁদের শিশুকন্যা তামিমার ভবিষ্যৎ নিয়ে। পারিবারিক এই পরিস্থিতিতে শিশুটির দেখভাল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জহিরের দাবি, তাঁর স্ত্রীকে খুঁজে বের করা এবং সঞ্চিত অর্থ নিয়ে বিরোধের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।