বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাগরিয়ায় নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের একটি কক্ষে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দক্ষিণ গাগরিয়ায় নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। বিদ্যালয়টির জন্য আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের পাশে জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে প্রস্তাবিত বিদ্যালয়ের নাম ‘মাস্টার মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে।
স্থানীয়দের মতে, আলিমাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গাগরিয়াসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য দূরে যেতে হয়। বর্তমানে ইউনিয়নে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষার সুযোগ বাড়বে।
এলাকাবাসীর প্রত্যাশা, আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে একই এলাকায় পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের ভোগান্তি কমবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন রাজু, আলতাজের রহমান ডিগ্রি কলেজের হিসাবরক্ষক মো. আশরাফ উদ্দিন ফারুক, আলিমাবাদ ইউনিয়নের মাইনুদ্দিন মৃধা, আরশাদুল আলম আকন্দ, জসিম রাড়ি, সাবেক ছাত্রদল সভাপতি শাহিদ আফ্রিদি নোমান সিকদার, মালেক খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ গাগরিয়ায় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
