ফ্যামিলি কার্ডের কথা বলে ৭০ হাজার টাকার স্বর্ণের দুল নিয়ে উধাও দুই যুবক।

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ২ মাস আগে
ছবি: এ আই

ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে ছবি তোলার অজুহাতে এক নারীর কানের প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুইটি দুল খুলিয়ে নিয়ে পালিয়েছে দুই যুবক। একই কৌশলে আরও এক নারীর স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা।

সোমবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের পার্শ্ববর্তী ভোলা জেলার ইলিশা ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেনু বেগম (৫৫) ভেদুরিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার সময় তিনি কয়েকজন নারীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ডিসকভার মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাদের জিজ্ঞেস করে, ‘আপনাদের ফ্যামিলি কার্ড হয়েছে কি?’
নারীরা কার্ড না হওয়ার কথা জানালে তারা জাতীয় পরিচয়পত্র আছে কি না জানতে চায় এবং ছবি তোলার কথা বলে। একপর্যায়ে রেনু বেগমকে বলা হয়, কানে স্বর্ণের দুল থাকলে তাকে অনেক ধনী মনে হবে। ফ্যামিলি কার্ডের জন্য ছবি তুলতে হলে দুল খুলতে হবে বলে তাকে কৌশলে রাজি করানো হয়।
এরপর রেনু বেগমের কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুইটি দুল নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় ওই দুই যুবক।

ভুক্তভোগী রেনু বেগমের সন্তান মো: ইয়াছিন জানান, তার মায়ের কানের স্বর্ণের দুল নিয়ে যাওয়ার পর তিনি আশপাশের বেশ কয়েকটি স্থানের সিসিটিভি ফুটেজ খোঁজ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজে ওই দুই যুবকের হদিস পাওয়া যায়নি।

বর্তমান বাজারদর অনুযায়ী স্বর্ণের ৫ আনার আনুমানিক মূল্য প্রায় ৭৩ হাজার টাকা।

এদিকে একই দুই যুবক পরে মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিমাবাদ গ্রামের কাজিরহাট এলাকায় যায়। সেখানে মুজাম্মেল খাঁন এর স্ত্রীর স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি বুঝতে পেরে বাধা দেন। ফলে তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। তারা একটি ডিসকভার মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছিল।

এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।