বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সফর’ নাটক প্রদর্শনের ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর নিজের ফেসবুক ওয়ালে বিদ্যালয়টির নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে রাশেদ সীমান্ত লেখেন, “এবার ‘শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়’ মেহেন্দিগঞ্জ, বরিশাল। প্রধান শিক্ষক মহোদয়ের উপস্থিতিতে ‘শিক্ষা সফর’ নাটকটি নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের দেখানো হলো। একজন অভিনেতা হিসাবে এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কী হতে পারে। আলহামদুলিল্লাহ।”
মাত্র দুই সপ্তাহ আগে সিলভার লাইন মিনার ফিল্ম নামের একটি ইউটিউব চ্যানেলে ‘শিক্ষা সফর’ নাটকটি প্রকাশ করা হয়। এরই মধ্যে নাটকটি ২১ লাখেরও বেশি মানুষ দেখেছেন শিক্ষামূলক নাটকটি।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ‘নদীর পাড়ের পাঠশালায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে’ শিরোনামে সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের উদ্যোগে মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষামূলক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রাশেদ সীমান্ত অভিনীত ‘শিক্ষা সফর’ নাটক প্রদর্শনের পাশাপাশি মেধা ও জ্ঞান যাচাই এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী এবং সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাশেদ সীমান্ত হাবুর স্কলারশিপসহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।
