প্রবেশপত্রে বিষয় ও কোডের অসংগতিতে এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না রিপা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে
শিক্ষার্থী রিপা দেওয়ান। ছবি : সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডের অসংগতির কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে কেন্দ্র থেকে কান্নাজড়িত অবস্থায় বের হয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়েন তিনি।

সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে গিয়ে এ ঘটনার শিকার হন উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রিপা দেওয়ান। তিনি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।

জানা যায়, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্র জমা দিলে দায়িত্বপ্রাপ্তরা দেখতে পান, রিপার অ্যাডমিট কার্ডে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকল্যাণ বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে। বোর্ডের বিধি অনুযায়ী বিষয় ও কোডের মিল না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।

রিপা দেওয়ান বলেন, “আমি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছি এবং কলেজের টেস্ট পরীক্ষাও ওই বিষয়েই দিয়েছি। পরীক্ষার দুই দিন আগে অ্যাডমিট কার্ড হাতে পেলেও বিষয় পরিবর্তনের বিষয়টি খেয়াল করিনি। সমাজকল্যাণের বইও কিনিনি, পড়াশোনাও করিনি। এখন বাবা-মায়ের কাছে কীভাবে মুখ দেখাব? কলেজের শিক্ষকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেন না কেন?”

রিপার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, “আমি দিনমজুর মানুষ। অনেক কষ্ট করে মেয়েকে পড়ালেখা করাচ্ছি। একটি ভুলের কারণে আজ আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থীর মা আখি চৌধুরী বলেন, “আমার মেয়ে পরীক্ষা দিলেও রিপা দিতে পারেনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর ন্যায়সংগত সমাধান হওয়া উচিত।”

পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, “আজ যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ের নাম ও কোড শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছিল না। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া সে রেজিস্ট্রেশন কার্ডও সঙ্গে আনেনি।”

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি কোনো প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ত্রুটি হয়ে থাকে, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”