মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, ব্যবসায়ী আব্দুল আলী নিখোঁজ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

রাসেল কবির মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার কাজিরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের রহমানেরহাট লঞ্চ স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় গাব ব্যবসায়ী আব্দুল আলী ট্রলারসহ নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই (শনিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে আন্ধারমানিক ইউনিয়নের গাব ব্যবসায়ী আব্দুল আলী লতা বাজার থেকে গাব নিয়ে ট্রলারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ট্রলারটিতে মাঝিসহ মোট চারজন ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাসানচর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজহংস-৮ লঞ্চ রহমানেরহাট ঘাট ত্যাগ করার সময় ট্রলারের যাত্রীরা লঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় লঞ্চের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও গাব ব্যবসায়ী আব্দুল আলী ট্রলারসহ নিখোঁজ হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আব্দুল আলী কিংবা ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ আসেনি।”

এদিকে আব্দুল আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজহংস-৮ লঞ্চের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।