নদীপাড়ে সড়ক নির্মাণে বদলে যাচ্ছে শ্রীপুর, স্থায়ী সুরক্ষার আশায় এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে
শ্রীপুরে নতুন নির্মাণাধীন সড়ক। ছবিঃ শাহীন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নে নদীপাড়ে সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকি ও চলাচলের দুর্ভোগে থাকা এলাকাবাসীর মধ্যে এ প্রকল্পকে ঘিরে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

জানা গেছে, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চরফানুয়া ৮ নং ওয়ার্ডের রাস্তার মাথা পর্যন্ত প্রায় ১,৮০০ ফুট সড়ক নির্মাণকাজ চলছে। প্রকল্পের ব্যয় ৩ লাখ টাকার বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেলেও সুনির্দিষ্ট বরাদ্দের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নদীর পাড়ঘেঁষে নির্মাণাধীন এ সড়কটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই করবে না, বরং ভাঙনের ঝুঁকি কমিয়ে স্কুল, বসতবাড়ি ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর জন্যও একটি সুরক্ষাবলয় হিসেবে কাজ করবে বলে তাদের প্রত্যাশা।

এলাকাবাসীর দাবি, দ্রুত ও টেকসইভাবে কাজ শেষ হলে বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে এবং শ্রীপুরে নিরাপদ যোগাযোগ ও নদীভাঙন প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচিত হবে।