বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলায় আগামী ২৩ মে ২০২৬ তারিখ থেকে আগামী ৫ জুন পর্যন্ত সকল নসিমন ও করিমন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুল রহমান।
উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকে জানান, সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। নসিমন ও করিমনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত ও নিহত হয়েছেন। জননিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনের এই নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অধিকাংশ নসিমন ও করিমনের চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। অনেকেই আগে রিকশা চালক কিংবা দিনমজুর হিসেবে কাজ করতেন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা না থাকায় তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলা প্রশাসনের এ ঘোষণার পর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা কমবে বলে আশা করছেন সচেতন মহল।
