ইলিশা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ২ জন হাতেনাতে আটক।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৫ মাস আগে

মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। আজ সোমবার (২২ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

​আটককৃতরা হলেন—ভোলা জেলার ১ নং ওয়ার্ডের কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং মো. সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ সকালে ইলিশা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সাদেকপুর এলাকায় একটি বাল্কহেড থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় এই দুজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

​নৌ পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​এদিকে ভুক্তভোগী ও স্থানীয় মাঝিরা জানান, এর আগেও একই এলাকায় নদীপথে চাঁদাবাজির অভিযোগে এই চক্রের পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় নদীপথে বাল্কহেডগুলোতে বেপরোয়া চাঁদাবাজি শুরু করে।

​অবশেষে আজকের এই সফল অভিযানে দুই চাঁদাবাজ আটক হওয়ায় নদীপথে চলাচলকারী বাল্কহেড মালিক ও সাধারণ শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, নদীপথে সব ধরনের চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌ পুলিশের এমন কঠোর ও আকস্মিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।