মেহেন্দিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান: পাতারহাট বন্দর দখলমুক্ত, জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়ক উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শুরু হওয়া এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাতারহাট বন্দরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে কিছু ভাসমান ও ছিন্নমূল ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ফলে প্রতিনিয়ত পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট ও জনভোগান্তি। এ অবস্থায় জনস্বার্থে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। জনভোগান্তি সৃষ্টি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফুটপাত দখল করে রাখতে দেওয়া হবে না। বাজার ও বন্দর এলাকাকে যানজটমুক্ত এবং পথচারীবান্ধব রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।