অধ্যক্ষ সংকটে আবারও ভারপ্রাপ্ত নেতৃত্বে পাতারহাট আর.সি কলেজ*

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

পদ শূন্য হয়ে পড়ায় সরকারি পাতারহাট আর.সি কলেজ আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে চলছে। গত ৯ এপ্রিল অধ্যক্ষ খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক অবসরে যাওয়ার পর কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের শিক্ষক ইলিয়াস শাহ। এর আগে ২০২৫ সালের ১৬ এপ্রিল বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক বরিশালের সরকারি বিএম কলেজ থেকে বদলি হয়ে এখানে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তবে মাত্র এক বছরের মাথায় তিনি অবসরে গেলে পদটি ফের শূন্য হয়ে পড়ে।

কলেজ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি সাবেক অধ্যক্ষ মাহবুবুল হক ইকবালের অবসরের পর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে তিনি নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

অধ্যক্ষ পদ শূন্য থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মনির বলেন, “নতুন অধ্যক্ষ নিয়োগ না হওয়ায় কলেজের কার্যক্রমে গতিশীলতা কমে গেছে।”

বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল আলম বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক একই প্রতিষ্ঠানের হওয়ায় অনেক ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। দ্রুত একজন অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনে সক্ষম অধ্যক্ষ নিয়োগ দেওয়া জরুরি।”

শিক্ষার্থীরাও দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছে। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাফিন বলেন, “স্থায়ী নেতৃত্ব না থাকায় আমরা একাডেমিক সমস্যার মুখোমুখি হচ্ছি।”

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সরকারি পাতারহাট আর.সি কলেজ মেহেন্দিগঞ্জ উপজেলার একমাত্র উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৬ সালে এখানে অনার্স কোর্স চালু হয় এবং ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে প্রায় ১৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।