ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ।

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান চালিয়ে ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলা সদর থানার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।