মেহেন্দিগঞ্জ উপজেলার অবহেলিত জাঙ্গালিয়া ও চর গোপালপুর ইউনিয়নের তীব্র নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরজমিন পরিদর্শনে আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সপ্তাহের মধ্যেই ভাঙন রোধে কার্যক্রম শুরু হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীসহ একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তাদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করে যাচ্ছেন উপ-সহকারী প্রকৌশলী সৈকত সাহেব, যিনি দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের নদীভাঙন রোধে নিরলসভাবে কাজ করছেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা আমিরগঞ্জ, লেংগুটিয়া, চরমিটুয়া, চৌকিদার বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকা ঘুরে দেখেন। ভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান নিয়মিতভাবে বিষয়টি তদারকি করছেন বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তিনি ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নদীভাঙনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে যেসব এলাকায় দ্রুত কাজ শুরু হতে পারে, সেগুলো হলো—লেংগুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাজার এলাকা, তালতলী লঞ্চঘাট, চৌকিদার বাজার ও পূর্ব কাজিরচর, আমিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকা, সিন্নিরচর, নলবুনিয়া লঞ্চঘাট, দড়িচর-খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাষানচর বরইয়া স্কুল ও চর বাকরজা এলাকা।
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের বসতভিটা ও জীবিকা রক্ষার দাবি জানিয়েছেন।
