বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ (Julong Group)। আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে নৌযান রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপির সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং।
বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ, মেরিটাইম খাতের উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
এ সময় জুলং গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশে দক্ষ জনশক্তি ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণে আগ্রহের কথা জানান। একই সঙ্গে দেশে উৎপাদিত এসব নৌযান স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনার কথাও তুলে ধরেন।
চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের উদ্যোগকে তিনি সময়োপযোগী উল্লেখ করে এ ধরনের বিনিয়োগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।
সম্ভাব্য এ বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
