বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ইতোমধ্যে বিস্তীর্ণ জনপদ, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে নদীভাঙন রোধে ১৪টি জরুরি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, নদীভাঙনকবলিত মেহেন্দিগঞ্জের মানুষের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। গত ১৬ জুলাই নদী তীর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন। এতে উপজেলার ঝুঁকিপূর্ণ ১৪টি এলাকার তালিকা ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
প্রস্তাবিত জরুরি এলাকাগুলোর মধ্যে রয়েছে—চরএককরিয়া ইউনিয়নের দাদপুর, আদর্শ নগরের নলবুনিয়া, দড়িরচর খাজুরিয়ার গাজীরহাট ও বামনের চর, চরগোপালপুরের চর মিঠুয়া, মোস্তফা বাজার ও চর মিঠুয়া হাইস্কুল এলাকা, জাঙ্গালিয়ার দক্ষিণ জাঙ্গালিয়া, খাসকান্দি, লেঙ্গুটিয়া লঞ্চঘাট, চরশেফালি ও আমীরগঞ্জ, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিমধ্যচর এবং উলানিয়া লঞ্চঘাট ও স্কুলসংলগ্ন এলাকা।
দীর্ঘদিনের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মেহেন্দিগঞ্জের মানুষ এসব উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে গুরুত্বপূর্ণ জনপদ ও স্থাপনা।
