বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
“তেঁতুলিয়া নদীর ভাঙন হতে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষাকরণ” শীর্ষক এ প্রকল্পটি ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনসহ বাস্তবায়নের পথে এগিয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজ চলবে। প্রায় ৭৩৯.৮৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি নদীভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ প্রকল্পটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে একনেক সভায় অনুমোদন পায়। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি ডিপিপি চূড়ান্তকরণ ও প্রকল্প পরিচালক নিয়োগ এবং ১৮ ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়।
প্রকল্পের আওতায় মোট ১১.৮০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ করা হবে। এজন্য ২৯টি প্যাকেজে কাজ বাস্তবায়ন করা হবে। এতে ব্যবহৃত হবে প্রায় ২৪ লাখ ২৪ হাজার ৬৭২টি জিও ব্যাগ এবং ৮ লাখ ৩৭ হাজার ৭৫২টি সিসি ব্লক।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে কাজ পরিচালিত হবে।
চাঁনপুর ইউনিয়নে ৪ কিমি এলাকায় ১৫টি প্যাকেজ
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে ২ কিমি এলাকায় ৮টি প্যাকেজ
দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ২ কিমি এলাকায় ৪টি প্যাকেজ
শ্রীপুর ইউনিয়নে ২.৮ কিমি এলাকায় ২টি প্যাকেজ
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং এর তত্ত্বাবধানে থাকবে পানি সম্পদ মন্ত্রণালয়।
তেঁতুলিয়া নদীর ভাঙনে প্রতি বছর অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙনরোধের পাশাপাশি এলাকার মানুষের জীবন-জীবিকা ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত হবে।
