ঈদুল আজহার চার দিন পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ ফিরে পায়নি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার শত শত পরিবার। ঈদের আগের দিন বৈরী আবহাওয়ায় বিদ্যুতের একাধিক খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, হাজিরহাট এলাকায় পাঁচ থেকে ছয়টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে। এর ফলে প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি গত চার দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ঈদের সময় বিদ্যুৎ না থাকায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। অনেকেই সাত ভাগে কোরবানিতে অংশ নিয়ে কিছু মাংস সংরক্ষণ করে পরবর্তী কয়েকদিন খাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ফ্রিজে সংরক্ষণের সুযোগ না থাকায় সেই মাংস নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আশপাশের লিঙ্গুটিয়া বাজারসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও হাজিরহাট এলাকায় এখনো মেরামতের কাজ সম্পন্ন হয়নি। ফলে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে তাদের কাছে।
স্থানীয়রা দ্রুত ভেঙে পড়া খুঁটি প্রতিস্থাপন করে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
