মেহেন্দিগঞ্জে মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, ৪ জনকে জীবিত উদ্ধার

লেখক: নিউজ ডেস্ক: mehendiganjprotidin
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামের একটি লঞ্চ। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রম করার সময় ‘মোল্লা ভাই ভাই’ নামের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই বাল্কহেডটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ৪ জনকে নদীতে থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করেন। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের সহায়তায় বাল্কহেডের সকল কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, লঞ্চটির তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।