বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় বরিশালের কাজিরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় কাজিরহাট বাজার ব্রিজ থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি কাজিরহাট বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় আর্স ব্রিজের ওপর এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাজিরহাট থানা লতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন, মোস্তাফিজুর রহমান টিপু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহেনশাহ হাওলাদার, সানোয়ার হোসেন সজীব সিকদার, কাইয়ুম খান, বাসেত চৌধুরী, মুরাদ বাবু, সোহেল খান ও হাবিব রাড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল উত্তর জেলা শাখার আংশিক কমিটিতে মোহাম্মদ কাওছার আহমেদকে সভাপতি এবং আরিফুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ঘোষিত এ কমিটিতে অনুমোদন দেন।
নতুন কমিটি ঘোষণায় কাজিরহাট যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ উপলক্ষে তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
