মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ধুলিয়ার মধ্যচরে বুধবার (২১ অক্টোবর) মাগরিবের সময় মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন। এ সময় মেহেন্দিগঞ্জ থানার সেকেন্ড অফিসার রুবেল, সাবেক মেহেন্দিগঞ্জ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মফিজ সরদার, জুয়েল হাওলাদার, মহিউদ্দিন আমিন, ফারুক পণ্ডিত, কাজী নজরুল ইসলাম স্বপ্ন, সবুজ সরদার ও আজিজ জোমাদ্দার, মনির হাওলাদার ইব্রহি সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাত ১০টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর দোকান খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বৈঠকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।