৮ বছর পেরিয়ে গেল, শ্রীপুরে হয়নি নির্বাচন—প্রশাসকও নেই, চরম ভোগান্তিতে জনসাধারণ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নে ২০১৮ সালের পর থেকে আর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আট বছর ধরে নির্বাচন না হওয়া এবং বর্তমানে ইউনিয়ন পরিষদে কোনো প্রশাসক নিয়োগ না থাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মোল্লা বরিশালে চলে যাওয়ার পরও ইউনিয়নটিতে এখন পর্যন্ত কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি।

এতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষরসহ প্রয়োজনীয় সেবা নিতে তাদের বরিশাল শহরে যেতে হচ্ছে। সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে চেয়ারম্যান এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিলে তবেই অনেকের কাজ সম্পন্ন হয়। এতে দূরবর্তী এলাকার সাধারণ মানুষকে সময় ও অর্থ দুটোই ব্যয় করতে হচ্ছে বলে জানান তারা।

এদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ সদর ৫নং ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদী হাসান। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

অন্যদিকে, ৭নং ভাষানচর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খলিলুর রহমান ইমন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন ও ৭নং ভাষানচর ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও শ্রীপুর ইউনিয়নে এখনো প্রশাসক নিয়োগ না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ অন্যান্য ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও শ্রীপুর ইউনিয়নে কেন এখনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি?

তাদের দাবি, দ্রুত শ্রীপুর ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হলে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।