ফাতিহা আয়াত
বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও মেধার দীপ্তি ছড়িয়ে চলেছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান কিশোরী ফাতিহা আয়াত। বয়সে ছোট হলেও মেধা, প্রজ্ঞা, আত্মবিশ্বাস ও সাহসিকতায় ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খড়কি গ্রামের ৬নং ওয়ার্ডের মিরা বাড়ি ফাতিহা আয়াতের পৈতৃক নিবাস। ব্যারিস্টার আফতাব আহমেদ ও স্কুলশিক্ষক সালমা আকতার দম্পতির কোলজুড়ে জন্ম নেওয়া ফাতিহার দাদা মীর আলমগীর। ঢাকায় জন্ম হলেও বর্তমানে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাস করছেন তিনি।
প্রবাসে থেকেও নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন ফাতিহা। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি শিক্ষা বিভাগের মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ‘গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড’ (Gifted & Talented) প্রোগ্রামের একজন মেধাবী শিক্ষার্থী।
শুধু পড়াশোনাতেই নয়, জলবায়ু পরিবর্তন ও শিশু অধিকারসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতেও সরব ফাতিহা আয়াত। জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মঞ্চে বক্তব্য রেখে নিজের চিন্তা ও মতামত তুলে ধরেছেন তিনি।
তার মেধা ও সামাজিক সচেতনতার স্বীকৃতিও এসেছে আন্তর্জাতিক পরিসরে। ২০২৩ সালে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক মানবাধিকার যুব সম্মেলনে তাকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড ২০২৩’ (Human Rights Hero Award 2023)।
শৈশবেই লেখালেখি, বই প্রকাশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাবলীল উপস্থিতির মাধ্যমে ফাতিহা আয়াত অর্জন করেছেন ব্যাপক পরিচিতি। তার প্রতিটি অর্জনে ফুটে উঠছে মেধা, আত্মবিশ্বাস ও বাংলাদেশের নতুন প্রজন্মের সম্ভাবনা।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেও শেকড়কে ভুলে যাননি মেহেন্দিগঞ্জের এই কৃতি কন্যা। তার সাফল্যে গর্বিত পরিবার, গর্বিত মেহেন্দিগঞ্জের মানুষ এবং গর্বিত বাংলাদেশ।
