স্বপ্নের ঘরে আর ফেরা হলো না মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মুজিবর হকের

লেখক: IK IMRAN KHAN
প্রকাশ: ৩ মাস আগে

মুক্তিযোদ্ধার স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায়—অর্ধসমাপ্ত ঘর নিয়ে প্রশ্নে সরব এলাকাবাসী

 

একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের শেষ স্বপ্ন ছিল মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মজিবল হক মাঝির জীবনের শেষ ইচ্ছা ছিল সরকারের বরাদ্দ দেওয়া নতুন ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করা। অথচ নির্মাণকাজের দীর্ঘসূত্রতা আর ঠিকাদারের গাফিলতির কারণে সেই ঘরে আর ওঠা হলো না তার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মজিবল হক মাঝির জন্য সরকারিভাবে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করা এই বীর সেনানীর জন্য এটি ছিল রাষ্ট্রের পক্ষ থেকে একটি সম্মানজনক উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে, ঘরটির নির্মাণকাজ শুরু হলেও তা দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

 

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই কাজটি নির্ধারিত সময়ে শেষ হয়নি। ফলে একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা দেখা দিয়েছে, অন্যদিকে একজন বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ কাজে তার আর্থিক ক্ষতি হয়েছে ঘর এভাবেই পরে থাকবে।

 

এলাকাবাসী জানান, “মজিবল হক মাঝি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি প্রায়ই বলতেন, নতুন ঘরটি শেষ হলে পরিবারের সবাইকে নিয়ে সেখানে উঠবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কাজের ধীরগতি আর অব্যবস্থাপনার কারণে তিনি জীবদ্দশায় ঘরটি দেখতে পেলেন না।”

 

পরিবারের সদস্যরাও এই ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারের পক্ষ থেকে ঘর বরাদ্দ দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে এমন একটি মানবিক বিপর্যয় ঘটেছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘরের নির্মাণকাজ সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

 

একজন বীর মুক্তিযোদ্ধার অসমাপ্ত স্বপ্ন আজ এলাকাবাসীর বিবেককে নাড়া দিচ্ছে। তার প্রতি সম্মান জানাতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সবার।