বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কাশেম ফকিরের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ইউএনও রিয়াজুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খান ও কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মীর ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রশাসন ও কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহের আয়োজনটি বন্ধ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহের আয়োজন করার দায়ে সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
