মেহেন্দিগঞ্জে লুট মামলার প্রধান আসামি ও একাধিক মামলার আসামি সুমন ঘরামী গ্রেফতার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুট মামলাসহ একাধিক মামলার আসামি সুমন ঘরামী (৩০) কে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন ঘরামী উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৯নং চর ভোলানাথ গ্রামের বাসিন্দা। তার পিতা ইউসুফ ঘরামী এবং মাতা রওশনারা বেগম।
থানা সূত্রে জানা যায়, সুমন ঘরামী তিনটি মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলায় তিনি প্রধান আসামি হিসেবে চিহ্নিত। বর্তমানে তিনি একটি মামলায় জামিনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল থানা পুলিশ।
অবশেষে মেহেন্দিগঞ্জ থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জহির ও এএসআই জসিম। তাদের সঙ্গে পুলিশের একটি ফোর্স অংশ নেয়। বর্তমানে গ্রেফতারকৃত আসামি থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন বলেন, “গ্রেফতারকৃত সুমন ঘরামী একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করা ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ চর ভোলানাথ একটি দুর্গম এলাকা। সেখানে যেতে হলে ট্রলার বা নৌপথ ছাড়া সহজে প্রবেশ করা যায় না।”
তিনি আরও জানান, আগামীকাল গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
