মেহেন্দিগঞ্জে বিয়ের দাবিতে ২২ দিন অনশন, ধর্ষণ মামলায় প্রেমিক খোকন গ্রেপ্তার

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৬ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দীর্ঘ ২২ দিন অনশন করার পরও বিয়ে না হওয়ায় থানায় ধর্ষণ মামলা করেছেন এক নারী। ওই মামলায় খোকন ওরফে আসাদুজ্জামান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সাদেকপুর এলাকার বাসিন্দা খোকনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পরে বিয়ের দাবিতে ওই নারী খোকনের বাড়িতে গিয়ে টানা ২২ দিন অনশন করেন। দীর্ঘ সময় অনশন করেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি থানায় গিয়ে খোকনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও তাকে বিয়ে করতে অনীহা প্রকাশ করেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

মামলার তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টার দিকে মেহেন্দিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রুবেল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিয়ের দাবিতে তরুণীর দীর্ঘ ২২ দিনের অনশন এবং পরবর্তীতে ধর্ষণ মামলা ও প্রেমিকের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।