তাজরিয়া জামাল ত্রিয়া—শিক্ষাজীবনে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৬ দিন আগে
তাজরিয়া জামাল ত্রিয়া

শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখে সাফল্যের পথে এগিয়ে চলেছেন তাজরিয়া জামাল ত্রিয়া। সম্প্রতি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন তিনি।

তাজরিয়া জামাল ত্রিয়ার শিক্ষাজীবনের সূচনা হয় পাতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেন। এরপর পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানেও জিপিএ-৫ অর্জন করেন তিনি।

উচ্চমাধ্যমিক পর্যায়ে তাজরিয়া জামাল ত্রিয়া ঢাকার হলিক্রস কলেজে অধ্যয়ন করেন। সেখান থেকেও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি তাঁর মেধার ধারাবাহিকতা বজায় রাখেন।

পরবর্তীতে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানে ভর্তি হন তাজরিয়া। দীর্ঘদিনের কঠোর অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এমবিবিএস শিক্ষা সম্পন্ন করে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

তাজরিয়া জামাল ত্রিয়া দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। তাঁর পিতা নলী মোঃ জামাল হোসেন, যিনি বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহ্বায়ক। তাঁর মা সোমাইয়া জেসমিন সোনিয়া লতিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

তাঁর একমাত্র ভাই মারশাদ জামাল কাইফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে অধ্যয়নরত। ছোট বোন তাহারাত জামাল জোহা ঢাকার মাইলস্টোন কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মেধা, অধ্যবসায় ও শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশের সমন্বয়ে তাজরিয়া জামাল ত্রিয়ার এই সাফল্যের পথচলা তরুণ প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণার দৃষ্টান্ত। চিকিৎসা পেশায় প্রবেশের নতুন অধ্যায়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।