বরিশালের মেহেন্দিগঞ্জে জমি কেনার জন্য জমানো ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে স্ত্রী খালেদা বেগম বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী শাহাবুদ্দিন গাজী। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরডাইয়া গ্রামে। স্বামী শাহাবুদ্দিন গাজীর দাবি, গত বুধবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে খালেদা বেগম বাড়ি থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে চলে যান। ওই টাকা জমি কেনার জন্য তিনি দীর্ঘদিন ধরে কষ্ট করে জোগাড় করেছিলেন বলে জানান শাহাবুদ্দিন।
তিনি জানান, স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। খালেদা বেগম তার আপন চাচাতো বোন এবং একই এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।
শাহাবুদ্দিনের দাবি, পরে স্ত্রীকে খুঁজতে শ্বশুরবাড়িতে গেলে পরিবারের সদস্যদের কাছ থেকেও তেমন কোনো সহযোগিতা পাননি। তার স্ত্রী কোথায় গেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার ধারণা, খালেদা বেগম অন্য কোনো ব্যক্তির সঙ্গে চলে যেতে পারেন।
শাহাবুদ্দিন গাজী একটি বালুবাহী জাহাজের কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি বলেন, সংসারের নানা কষ্টের মধ্যেও জমি কেনার জন্য টাকা জমিয়েছিলেন। সেই টাকা নিয়ে স্ত্রী চলে যাওয়ায় তিনি বিপাকে পড়েছেন।
শাহাবুদ্দিন ও খালেদা বেগমের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৭ বছর এবং তিনি প্রতিবন্ধী। অপর দুই সন্তানের বয়স ৮ ও ৬ বছর।
জানা গেছে, ২০০৭ সালে একই গ্রামের খালেদা বেগমের সঙ্গে শাহাবুদ্দিন গাজীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের প্রায় ১৯ বছর পূর্ণ হয়েছে।
এ ঘটনায় শাহাবুদ্দিন গাজী মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে খালেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
