মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে পাল্টাপাল্টি হামলা।

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে চরভোলানাথ আদর্শ গ্রামের নিয়ন্ত্রন নিয়ে গত ১০ দিন যাবত ত্রাসের রাজত্ব চলছে। দুইপক্ষের হামলা-পাল্টা হামলা ও পাল্টাপাল্টি মামলায় দুটি আদর্শ গ্রাম এখন পুরুষশুন্য। আশপাশের গ্রামের লোকজনও আতঙ্কে ওই গ্রামে যান না।

স্থানীয়দের ভাষ্যমতে, আদর্শ গ্রামের আধিপত্য করায়ত্ব করা নিয়ে ঘটনার সুত্রপাত। দুইপক্ষই বিএনপির রাজনীতি করেন। বিষয়টি এখন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকেন্দ্রীক বিরোধে গড়িয়েছে। ২জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন মেম্বর প্রার্র্থীর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ওই ওয়ার্ড (৯নং) কমিটি বিলুপ্ত করে দিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ১৭ জুলাই (শুক্রবার) বিকাল থেকে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় ১জন আইনজীবীসহ ৪জন পঙ্গু হওয়ার পথে। অর্ধশতাধিক বসতঘর লুটপাট হয়েছে। এসব ঘরে ভাতের থালাও লুটকারীরা নিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে আদর্শ গ্রামে পালাক্রমে ৫জন করে পুলিশ পাহারা দিচ্ছেন।

বিগত আওয়ামী লীগ আমলে কালাবদরের নদীর তীরে চর ভোলানাথে নির্মিত দুটি আশ্রয়ন প্রকল্পের নাম দেয়া হয়েছে আদর্শ গ্রাম। দুটি আশ্রায়নে দুই শতাধিক পরিবার বাস করছে। এর আশপাশে আরও বসতী গড়ে উঠেছে। পেশায় সকলে জেলে ও নদীভাঙ্গনে ভিটেমাটি হারা।

স্থানীয়দের ভাষ্যমতে, পুরো জাঙ্গালিয়া ইউনিয়নে বসবাসকারীদের ৮০ ভাগই পেশায় জেলে। চারদিকে কালাবদরের মাঝে একটি দ্বীপ ইউনিয়নটি বরিশাল সদরের চরমোনাই ইউনিয়ন সংলগ্ন। মেহেন্দিগঞ্জ উপজেলা সদর থেকে স্পীডবোটে জাঙ্গাালিয়া পৌছাতে আধাঘন্টার বেশী সময় লাগে। দূর্গম এলাকা হওয়ায় ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালীলাই এখানকার নিয়ন্ত্রক। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর আশ্রায়ন প্রকল্পের নিয়ন্ত্রন পেতে বিএনপির দুইপক্ষ বিরোধে জড়ায়। দল ভারি করতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদেরর সঙ্গে নেয়া হয়েছে। গত দুই বছরে একটির পর একটি ধারাবাহিক ঘটনার জেরে ১৭ জুলাই চাপা বিরোধের বিস্ফোরন ঘটেছে চর ভোলানাথে।

গ্রামের বাসিন্দা আইনউদ্দিন ফকির ও নুর উদ্দিন সহ আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চর ভোলানাথে দুটি গ্রুপের একটির নেতৃত্ব দেন ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রিপন ও অপরটির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী বয়তি। দুজনেই ৯ নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী হতে চান। অন্যদিকে আলী বয়তি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আজাদের সমর্থক। আলীর প্রতিপক্ষ অ্যাডভোকেট রিপন সমর্থন করেন অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোন্তাজিক মামুন সোহাগকে। এর জেরে সহিংসতার জন্য একপক্ষ অপরপক্ষের চেয়ারম্যান প্রার্র্র্থীকে দায়ী করছেন।

আইনউদ্দিন ফকিরের দাবী, তারা রিপনকে মেম্বর প্রার্থী করতে চান। তার প্রার্থীতা ঠেকাতে আলী বয়াতী পরিকল্পিতভাবে ১৭ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে রিপনকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করেছে। তাকে উদ্ধার করতে গেলে রিপনের ভাই আরিফকে আটকে নির্যাতন করা হয়। রিপনের শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঠুকে দেয়া হয়। দুই সহোদর বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

একই সময়ে আলী বয়াতির ছেলের গলায় কোপ দেয়া হয়েছে এবং তার অনুসারী সালাম বয়াতিকে নির্যাতন করা হয়। আশংকাজনক অবস্থায় তারাও ঢাকায় চিকিৎসাধীন।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে গেছে, ওইদিন বিকাল থেকে পরের দুইদিন দুটি গুচ্ছগ্রামে অর্ধশতাধিক বসতঘর ও দোকানপাট ভাংচুর করে লুটতরাজ করা হয়েছে। তারমধ্যে উল্লেখযেগ হলো- এক গ্রুপের নেতা আলী বয়াতির বসতঘর ও দোকান, আব্দুর রহমান. শিল্পী বেগম, নুরুল বয়াতি, কাওছার মোল্লা, হানিফ বয়াতি, সুমন বয়াতি, হেলাল মিস্ত্রী ও রশিদ দেওয়ান বাড়ির ৪টি বসতঘর। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরগুলো বিধস্ত অবস্থায় পড়ে আছে। ঘরের বাসিন্দারা গ্রাম ছেড়ে আত্মগোপনে। নিরীহরা এসব বিষয়ে কথা বলতে রাজী নন। গণি আমিন নামক একজনকে দেখা গেছে শতাধিক নারীকে সংগঠিত করে প্রতিপক্ষকে মোকাবেলায় উস্কানীমুলক কথা বলছেন। তিনি অ্যাডভোকেট রিপনের অনুসারী বলে দাবী করেছেন।

আব্দুর রহমান মুঠোফোনে জানান, শুক্রবার মারামারি সময়ে তিনি গ্রামে ছিলেন না। রোববার সকাল সাড়ে ৮টায় রিপনের লোকজন তার বাড়ি লুটপাট করেছে। প্রাণভয়ে তিনি পালিয়ে আছেন।

এসব ঘটনার উৎস্য খুজতে গিয়ে একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন. গত ২ এপ্রিল আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে আব্বাস ও রিয়াজ নামক দুই সহদরকে অ্যাডভোকেট রিপনের অনুসারীরা অমানুষিক নির্যাতন করেছে। ঢাকায় উন্নত চিকিৎসা শেষে তারা সম্প্রতি গ্রামে ফিরেছে। ওই জেরেই ১৭ জুলাই রিপনের ওপর হামলা হয়। এরপরে দুটি আদর্শ গ্রামে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রিপনের নেতা ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ বলেছেন, চর ভোলানাথের দাঙ্গা-হাঙ্গামার কারন সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন এমন কথা কাউকে বলেননি।

ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আজাদ বলেন, দুটি আদর্শ গ্রামে প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ থেকে ঘটনার সুত্রপাত। এখন সেখানে বিএনপির রাজনীতি ও ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গ টেনে ঘটনাটি ভিনখাতে নেয়ার চক্রান্ত হচ্ছে। আজাদ নিশ্চিত করেছেন, ১৭ জুলাই ঘটনার পর ৯ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম বলেন, চরভোলানাথের বিষয়টি জানতে সরেজমিনে উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ সেখানে যাবেন। দুর থেকে যতদুর জেনেছেন প্রভাব বিস্তার নিয়েই এসব ঘটনা হচ্ছে। এর সঙ্গে দলের কেউ না কেউ জড়িত থাকতে পারে তাই ৯ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিন উদ্দিন জানান, ৫জন করে পুলিশ পালাক্রমে ভোলানাথে দায়িত্ব পালন করছেন। দুইপক্ষ থেকে দুটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১জনকে। ৫ জন পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা প্রসঙ্গে ওসি বলেন, দুইপক্ষের আসামীরাই এলাকা ছেড়ে আত্মগোপন করেছে।