মোঃ নুরুল হক, এমপি,প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আতিকুর রহমান
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। তিনি একজন শিক্ষক পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে এলাকার নদী ভাঙ্গন রোধ, ঢাকা- ইলিশা-কালিগঞ্জের লঞ্চ ভাড়া সংস্কার, এলাকার রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সেবা সংস্কার, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ইঞ্জিনিয়ার আতিকুর রহমানের রাজনৈতিক পথচলার সূচনা ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সেই আন্দোলনের আদর্শ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। প্রথমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর-এ সাংগঠনিকভাবে কাজ করেন। পরবর্তীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সূচনালগ্ন থেকেই ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সর্বশেষ যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হন।
নবনিযুক্ত যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মহান মাধ্যম। একটি শিক্ষিত, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড—শিক্ষিত, সচেতন ও নৈতিক নেতৃত্বই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। তরুণদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “দলকে আরও সুসংগঠিত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করাই আমার অঙ্গীকার। মানুষের জন্য কাজ করতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
ইঞ্জিনিয়ার আতিকুর রহমানের এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়নে মেহেন্দিগঞ্জবাসী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর সততা, শিক্ষা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি দেশের তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
