জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের নিষেধাজ্ঞা, বিকল্প ব্যবস্থা না থাকায় স্থবির অর্থনৈতিক কর্মকাণ্ড
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তিন চাকার পণ্যবাহী যান ‘নসিমন’ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, ঠিকাদার, শ্রমিক ও সাধারণ মানুষ। দীপাঞ্চলখ্যাত এই উপজেলায় স্থলপথে মালামাল পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নসিমন বন্ধ থাকায় সরকারি খাদ্যপণ্য থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের নির্মাণসামগ্রী পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নসিমনের বডি ফিটনেস না থাকা এবং কিছু চালকের বেপরোয়া গতির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির নির্দেশক্রমে স্থানীয় প্রশাসন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্দরে নসিমন ও টমটম চলাচল নিষিদ্ধ করে।
প্রশাসনের এই সিদ্ধান্তের পর টমটম শ্রমিক ইউনিয়নের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শ্রমিক নেতারা দাবি করেন, দিনের অধিকাংশ সময় যান চলাচল বন্ধ থাকলে কার্যত কোনো মালামাল পরিবহন সম্ভব নয়। তারা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলাচল সীমিত রাখার বিকল্প প্রস্তাব দিলেও প্রশাসন তা গ্রহণ করেনি।
এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে চালকরা স্বেচ্ছায় নসিমন চলাচল বন্ধ রেখেছেন। ফলে সরকারি খাদ্য গুদাম থেকে ভিজিডি, ভিজিএফ ও টিসিবির পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ঠিকাদারদের ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এবং ব্যবসায়ীদের পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনেও সৃষ্টি হয়েছে জটিলতা।
এদিকে উপজেলায় চলাচলকারী প্রায় ২০০টি নসিমন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
ব্যবসায়ী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করে হঠাৎ নসিমন চলাচল বন্ধ করে দেওয়ায় উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে।
তারা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের জীবিকা ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে একটি সমন্বিত সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্য ও সেতু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
