জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন ভাড়া কার্যকর ৬ মে থেকে
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নৌযান পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বরিশাল-পাতারহাটসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথে লঞ্চ ভাড়া বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, বরিশাল জোন।
সংস্থার প্রকাশিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, বরিশাল-পাতারহাট নৌপথে ডেক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং আপার শ্রেণির ভাড়া ১৫০ টাকা। এছাড়া বরিশাল-মজুচৌধুরীরহাট রুটে ডেক ভাড়া ৪০০ টাকা ও আপার শ্রেণির ভাড়া ৪৫০ টাকা করা হয়েছে।
নতুন তালিকায় আরও উল্লেখ করা হয়, বরিশাল-ইলিশা রুটে ডেক ভাড়া ২২০ টাকা ও আপার শ্রেণির ভাড়া ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাতারহাট-ইলিশা রুটে ডেক ভাড়া ১০০ টাকা এবং আপার শ্রেণির ভাড়া ১১০ টাকা করা হয়েছে। একইসঙ্গে পাতারহাট-মজুচৌধুরীরহাট রুটে ডেক ভাড়া ৩০০ টাকা ও আপার শ্রেণির ভাড়া ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার বরিশাল জোন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নৌযান পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক মালামালের মূল্য বেড়ে যাওয়ায় সরকার ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ মে থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে।
ভাড়া বৃদ্ধির ঘোষণায় নিয়মিত যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক যাত্রী বাড়তি ভাড়াকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ হিসেবে দেখছেন। তবে লঞ্চ মালিকপক্ষের দাবি, বর্তমান ব্যয়ের তুলনায় আগের ভাড়ায় নৌযান পরিচালনা করা সম্ভব হচ্ছিল না।
