সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের ইন্টারনেট সেবায় সাময়িক ধীরগতি দেখা দিতে পারে। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই প্রভাব থাকতে পারে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 submarine cable system-এ ‘Shunt Fault Repair’ নামে একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
এই কাজ চলাকালীন সময়ে সিঙ্গাপুরমুখী কিছু সার্কিটে সাময়িক প্রভাব পড়তে পারে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট ধীরগতির পাশাপাশি আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে সংস্থাটি জানিয়েছে, বিকল্প সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু রাখা হবে, যাতে গ্রাহকদের অসুবিধা কমানো যায়।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।
