‘সমবায় শক্তি, সমবায় উন্নয়ন’—এই স্লোগানকে সামনে রেখে মিরপুর শপিং সেন্টার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতী সন্তান সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ।
সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সুলতানি গ্রামের ঐতিহ্যবাহী মীর বাড়ির সন্তান। তাঁর বাবা সৈয়দ ফজলুল করিম এবং মা মাহবুবা বেগম। তিনি এই দম্পতির দ্বিতীয় সন্তান।
শিক্ষাজীবনে তিনি সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে সরকারি পাতারহাট আর.সি. কলেজে পড়াশোনা করেন। পড়াশোনা শেষে তিনি মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত হন।
দীর্ঘদিন ধরে মিরপুর শপিং সেন্টারে মোবাইল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমবায়মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেন। ব্যবসায়ী ও সমবায় সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার মিরপুর শপিং সেন্টার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।
তাঁর এ অর্জনে মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া তথা সুলতানি গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমবায় কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
