বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘর থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। চুরির সময় পরিবারের সদস্যদের চিৎকারে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। অপর দুইজন পালিয়ে যায় বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ইয়াসিন হাওলাদারের স্ত্রী সাথী বেগম তাঁর ছোট সন্তান ও শাশুড়িকে নিয়ে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। স্বামী প্রবাসে থাকায় এবং সন্তান ছোট হওয়ায় তিনি রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘুমাতেন।
রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতরে বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় বাতির আলোতে ঘরের মধ্যে সুমন সরদার, সায়েম মোল্লা, রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারকে দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চিৎকার শুরু করেন সাথী বেগম।
তাঁর চিৎকার শুনে চোরেরা দক্ষিণ পাশের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাশের ঘরের চাচা শ্বশুর সালাম হাওলাদার সুমন সরদার ও সায়েম মোল্লাকে ধরে ফেলেন। অন্যদিকে রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘরের লেদার ব্যাগ ও ওয়ারড্রব খোলা এবং কাপড়চোপড় এলোমেলো দেখতে পান। তল্লাশি করে একটি এক ভরি ওজনের স্বর্ণের নেকলেস, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা এবং ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা—মোট ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশের এসআই কবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এজাহারের বর্ণনা অনুযায়ী, উপস্থিত লোকজনের সামনে আটক দুই ব্যক্তি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তাঁদের সঙ্গে আরও দুজন ছিল বলে জানান। এ ছাড়া লাঠি দিয়ে জানালা খুলে ঘরের ভেতরে প্রবেশের বিষয়টিও তাঁরা স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড। পরে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একদিকে স্বামী প্রবাসে, অন্যদিকে ছোট সন্তানকে নিয়ে ঘরে বসবাস—এমন পরিস্থিতিতে রাতে বসতঘরে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে পালিয়ে যাওয়া অপর দুইজনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
