বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে প্রবাসী দুলাল সরদারের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পিতিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রবাসী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রবাসী মো. মাসুম বিল্লাহ জানান, তিনি কুয়েতে থাকেন। তাঁর শ্বশুর দুলাল সরদারও মালয়েশিয়া প্রবাসী। ঘটনার সময় তাঁর শাশুড়ি বাবার বাড়িতে ছিলেন। সেই সুযোগে ফাঁকা ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তাঁদের সন্দেহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পরিবারটি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
মো. মাসুম বিল্লাহ বলেন, তাঁর শ্বশুর একজন নিরীহ মানুষ। প্রবাসে পরিশ্রম করে উপার্জন করা অর্থ দিয়ে পরিবারের জন্য মালামাল ও আসবাবপত্র সংগ্রহ করেছিলেন। আগুনের ঘটনায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী মো. মাসুম বিল্লাহ।
