শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে দক্ষিণপাড়ের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

লেখক: রায়হান হাওলাদার।
প্রকাশ: ২ মাস আগে
লেংগুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষার্থী সংকট, নদীভাঙনে জনসংখ্যা কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার ৮নং চর গোপালপুর ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী লেংগুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক (কলেজ) শাখা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মাধ্যমিক (স্কুল) শাখার কার্যক্রম যথারীতি চালু থাকবে।

১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়া যায়। শিক্ষার্থী সংখ্যা ভালো থাকায় শুরুতে ব্যবসায় শিক্ষা (কমার্স) শাখা চালু করা হয়। পরবর্তীতে মানবিক শাখাও চালু করা হয়।

তবে দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে লেংগুটিয়া ও আশপাশের এলাকার বহু পরিবার বসতভিটা হারিয়ে আলিমাবাদ, বরিশাল, লাহারহাটসহ বিভিন্ন এলাকায় চলে যায়। এতে ধীরে ধীরে কমতে থাকে এলাকার জনসংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা।

একসময় প্রতিষ্ঠানটির মাধ্যমিক পর্যায়ে ৭০০-এর বেশি শিক্ষার্থী থাকলেও বর্তমানে ভোলানাথ ও লেংগুটিয়া মাধ্যমিকের দুটি শাখা মিলিয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪০০ জন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শাখায় মোট ২২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় মাত্র চারজন। এরপর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি।

ফলে শিক্ষার্থী না থাকায় কলেজ শাখার পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে শিক্ষক ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করাও প্রতিষ্ঠানের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে।

প্রধান শিক্ষক বলেন, উচ্চমাধ্যমিক শাখা চালুর প্রথম দিকে বাইরে থেকে দুজন শিক্ষক এনে পাঠদান করানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শিক্ষকসহ অন্যান্য খরচ বহন করা প্রতিষ্ঠানের পক্ষে কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে কলেজ শাখা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে অব্যাহত নদীভাঙনে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, নদীভাঙন অব্যাহত থাকলে একসময়ের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানও হুমকির মুখে পড়তে পারে। প্রতিষ্ঠানটি রক্ষা করতে হলে শুধু ভবন রক্ষা করলেই হবে না, আশপাশের বসতি ও মানুষকেও নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে হবে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১২ জন কর্মরত রয়েছেন। শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখা চালু থাকলেও শিক্ষার্থী সংকট ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বন্ধ হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক তথা কলেজ শাখা।

স্থানীয়দের মতে, নদীভাঙনের কারণে জনপদ ও শিক্ষার্থী হারানোর এই পরিস্থিতি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট নয়; এটি নদীভাঙনকবলিত এলাকার শিক্ষা ও জনজীবনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবেরও প্রতিচ্ছবি।