মেহেন্দিগঞ্জ থেকে মাত্র ১ বছরের মাথায় ব্যবসা গুটিয়ে নিলো চেইন সুপারশপ স্বপ্ন

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগ্রহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে দেশের অন্যতম পরিচিত চেইন সুপারশপ স্বপ্ন। উপজেলার পাছানি ঘাট এলাকায় ২০২৫ সালের আগস্টে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটির শাখাটি প্রায় এক বছর পর, ২০২৬ সালের আগস্ট মাসের শেষ দিকে বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ আগস্ট মেহেন্দিগঞ্জের পাচানি ঘাট এলাকায় স্বপ্ন সুপারশপের শাখাটির উদ্বোধন হয়। স্থানীয় উদ্যোক্তা সেলিম হোসেন বাবলু শাখাটি মেহেন্দিগঞ্জে নিয়ে আসেন বলে জানা গেছে।

শুরুতে আধুনিক পরিবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানটি নিয়ে আগ্রহ তৈরি হয়। শাখাটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রায় ১ হাজার ৮০০টি পণ্য রাখা হতো। প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় একজন ম্যানেজারসহ মোট ৬ জন কর্মচারী কাজ করতেন।

স্থানীয়ভাবে জানা গেছে, শাখাটির ভবন ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, পণ্য পরিবহনসহ বিভিন্ন পরিচালন ব্যয় ছিল। কার্যক্রম শুরুর পর প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হওয়ায় একপর্যায়ে শাখাটি বন্ধ করে দেওয়া হয়। ২০২৬ সালের আগস্ট মাসের শেষ দিকে শাখাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্বপ্ন বাংলাদেশের অন্যতম বৃহৎ আধুনিক খুচরা বিক্রয় চেইন। এটি ACI Logistics Limited পরিচালিত একটি রিটেইল ব্র্যান্ড এবং ACI PLC-এর সহযোগী প্রতিষ্ঠান।

ACI-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০০৮ সালে ‘Fresh and Near’ নামে রিটেইল ব্যবসায় প্রবেশ করে। পরবর্তীতে ‘স্বপ্ন’ ব্র্যান্ডের মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম বিস্তৃত হয়।

২০০৯ সালে ACI Logistics ‘Shwapno’ ব্র্যান্ড নিয়ে বাজারে কার্যক্রম শুরু করে। পরবর্তী বছরগুলোতে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে স্বপ্ন দেশের আধুনিক রিটেইল খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়।

বর্তমানে স্বপ্নের কার্যক্রম শুধু সুপারশপের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আউটলেটে মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি খাদ্যসামগ্রী, তাজা সবজি, মাছ-মাংসসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন শপিং ব্যবস্থাও রয়েছে।

স্বপ্নের বর্তমান অফিসিয়াল তথ্য অনুযায়ী, দেশজুড়ে তাদের ১ হাজারের বেশি আউটলেট রয়েছে। এর মধ্যে নিজস্ব ও ফ্র্যাঞ্চাইজি—উভয় ধরনের আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তারা দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে।