৫০ শয্যাবিশিষ্ট হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন
হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি ও অবকাঠামো ঘুরে দেখেন।
৫০ শয্যাবিশিষ্ট হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের একাংশ দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরিত্যক্ত ওই ভবনে চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে চিকিৎসা সেবা অন্যত্র স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। পরিত্যক্ত ভবন থেকে চিকিৎসা সেবা নিরাপদ স্থানে স্থানান্তর এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিকিৎসা সেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
