প্রাথমিক শিক্ষা স্তরেই যদি এমন মৌলিক ভুল হয়, তাহলে শিক্ষার্থীরা কী শিখবে—এমন প্রশ্নই উঠেছে বরিশালের মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৪৯ নং রুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোনাজাত ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের ব্ল্যাকবোর্ডে ২০২৬ সালের পরিবর্তে লেখা হয় ‘২০ হাজার ২৬’, অর্থাৎ ২০০২৬।
জানা গেছে, ব্ল্যাকবোর্ডে ভুলভাবে সালটি লিখেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তার। পরবর্তীতে ওই লেখার ছবি ফেসবুকে পোস্ট করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং সবাই মিলে মোনাজাত করেন। তবে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তাঁর অনুপস্থিতিতে কয়েকজন শিক্ষক মিলে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের হাতে ২০২৬ সালের পরিবর্তে ‘২০ হাজার ২৬’ লেখার বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে—প্রাথমিক শিক্ষার স্তরেই যদি এমন মৌলিক ভুল থাকে, তাহলে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিশ্চিত হবে কীভাবে?
