পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আরসি কলেজে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সরকারি পাতারহাট আরসি কলেজের ১১৫ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি পাতারহাট আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলিয়াস শাহ ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর কাজী।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বই ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজনে: সরকারি পাতারহাট আরসি কলেজ।
