বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। অনেকেই অন্যের বাগান ও বাড়িতে ছাউনি তুলে আশ্রয় নিয়েছেন।
বুধবার দুপুর ২টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।
বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনায় তিনি সরেজমিনে গিয়ে এ সহায়তা তুলে দেন। এ সময় পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মো. তৌফিকুর রহমান বিপ্লব ও চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল রানা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা জানান, নদীভাঙনে তাদের বসতভিটা, ঘরবাড়ি এমনকি স্বজনদের কবরও বিলীন হয়ে গেছে। কেউ কেউ ঘর সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি।
ইউএনও মো. রিয়াজুর রহমান বলেন, প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানো হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য টিন, গৃহনির্মাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কিছু এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।স্থানীয় বিএনপি নেতা এস এম সোহেল রানা দাবি করেন, চলতি বর্ষায় ভাঙনে প্রায় এক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চান।
