বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা অসুস্থ স্বজনের চিকিৎসার জন্য ঢাকায় থাকার সুযোগে চোরের দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়িতে ফিরে বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত প্রায় ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। তার ছেলে রায়হান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হলেও বাবার চিকিৎসার জন্য তাকেও ঢাকায় থাকতে হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা একটি RTR 2V মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড় নিয়ে যায়। এছাড়া বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে।
রায়হান বলেন, “আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। এর মধ্যে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে—এটাই আমাদের বড় চিন্তা।”
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান রাঢ়ী বলেন, ক্যান্সার আক্রান্ত একটি পরিবার এমনিতেই কঠিন সময় পার করছে। এর মধ্যে চুরির ঘটনায় পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে। তিনি দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
