বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন (দুদক), বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক রাজ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান ও উপসহকারী পরিচালক ইমরান হোসেন।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশ, সদস্য মো. আনিসুর রহমান, সেলিম জমদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সত্য কথা বলা, সততা চর্চা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জ্ঞান, দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, দৈনন্দিন জীবনে সততা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নৈতিকতা বিকশিত হবে। ভবিষ্যতে নিজেদের জীবিকা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
