বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাগরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রথম স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (17 জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গাগরিয়া গ্রামের বাসিন্দা নুর ইসমাইল হাওলাদারের ছেলে ইসহাক হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসহাক হাওলাদার দ্বিতীয় বিয়ে করার পর থেকে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রী মাহমুদা বেগম এবং তাদের তিন ছেলে—সাইফুল, আরিফ ও সজিব—ইসহাক হাওলাদারের কাছে জায়গা-জমি লিখে দেওয়ার দাবি জানান। তিনি এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটেএতে ধারালো অস্ত্রের আঘাতে ইসহাক হাওলাদার গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, এর আগেও পারিবারিক বিরোধের জেরে ইসহাক হাওলাদারের ওপর একাধিকবার হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে এলাকায় আলোচনা রয়েছে।
আহত ইসহাক হাওলাদারকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এবং মামলা দায়েরের তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
