শ্রীপুরে যুবকের ইয়াবা সেবনের স্ক্রিনশট ভাইরাল; এআই দাবি, ভিডিও কলের সূত্র বলছে ভিন্ন কথা

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৫ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহেরচর গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ স্বাধীন (প্রায় ২৭)-এর ইয়াবা সেবনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্ক্রিনশটটি নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। একদিকে সোহেল আহমেদ স্বাধীন দাবি করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি। অন্যদিকে ভিডিও কলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এটি চলতি বছরের মার্চ মাসে ভিডিও কল চলাকালে ধারণ করা একটি আসল স্ক্রিনশট।

ইয়াবা সেবন অবস্থায় ভিডিও কলে কথা বলছে।

জানা যায়, প্রথমে স্ক্রিনশটটি সাংবাদিক আনিসুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সোহেল আহমেদ স্বাধীন দাবি করেন, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

তবে ভিডিও কলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, এটি কোনো এআই-নির্ভর ছবি নয়; বরং গত মার্চ মাসে ভিডিও কলে ইয়াবা সেবনের সময় ধারণ করা একটি স্ক্রিনশট।

এ ঘটনার পর ১৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন মোল্লার ছেলে তানভীর রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন, “শ্রীপুরের এই নেশাখোর এবং মাদক ব্যবসায়ী যদি কোনো রাজনৈতিক দলের কর্মী হয়, তাহলে সেটা সেই দলের জন্য লজ্জার। চিহ্নিত এই মাদক ব্যবসায়ীর সঙ্গে যদি কোনো দলের রাজনৈতিক সম্পর্ক থেকে থাকে, তাহলে সেখান থেকে তাকে বিতাড়িত করে আইনের হাতে সোপর্দ করে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোহেল আহমেদ স্বাধীনকে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হিসেবে অনেকে চেনেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবিও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, সোহেল আহমেদ স্বাধীন ঢাকা থেকে ইয়াবা এনে শ্রীপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করেন। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্বাধীনের বাবা হুমায়ুন হাওলাদার আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

এছাড়া স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোহেল আহমেদ স্বাধীন একসময় ঢাকার বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি আর আগের ব্যবসায় ফিরে যাননি। বর্তমানে তিনি কী পেশায় যুক্ত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, তিনি বর্তমানে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা জানান, সোহেল আহমেদ স্বাধীন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কোনো পদে নেই। তিনি বলেন, “ইয়াবা সেবনের বিষয়টি আমিও শুনেছি। তবে ছবিটি এআই দিয়ে তৈরি নাকি আসল, তা আমি নিশ্চিত নই।”

তিনি আরও জানান, স্বাধীন এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং জিডির একটি কপি তাকে পাঠিয়েছেন। যেহেতু স্বাধীন বর্তমানে দলের কোনো সাংগঠনিক পদে নেই, তাই তার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

জিডি

 

স্বাধীনের দায়ের করা সাধারণ ডায়েরির আবেদনে উল্লেখ করা হয়েছে, ৪ জুলাই ২০২৬ তারিখে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করে তাকে মাদক সেবনরত অবস্থায় দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, “Zaran Khan” এবং “শ্রীপুর সারাক্ষণ” নামে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো প্রথম প্রচার করা হয়। জিডিতে তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোহেল আহমেদ স্বাধীনের বিরুদ্ধে ইয়াবা সেবন বা মাদক ব্যবসার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা, অভিযোগপত্র বা আদালতের রায়ের তথ্য পাওয়া যায়নি। একইভাবে ভাইরাল স্ক্রিনশটটি এআই দিয়ে তৈরি নাকি আসল—সেটিও কোনো সরকারি বা ফরেনসিক সংস্থা দ্বারা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মেহেন্দিগঞ্জ প্রতিদিন থেকে সোহেল আহমেদ স্বাধীনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার সর্বশেষ বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।