বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বেল্লাল হোসেন নামে এক তরুণ শিক্ষার্থীর উদ্যোগে চালু হয়েছে “মেহেন্দিগঞ্জ অনলাইন মেডিসিন সার্ভিস” নামে একটি ব্যতিক্রমধর্মী অনলাইন ওষুধ সরবরাহ ব্যবস্থা। মানুষের উপকারের চিন্তা থেকেই ফেসবুকভিত্তিক এই সেবার যাত্রা শুরু হয়েছে বলে জানান উদ্যোক্তা।
তিনি জানান, আগে একটি ফার্মেসিতে কাজ শেখার মাধ্যমে মেডিসিন সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের দোরগোড়ায় ওষুধ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন। বর্তমানে পড়াশোনার পাশাপাশি তিনি এই সেবামূলক কাজ পরিচালনা করছেন।
উদ্যোক্তার ভাষ্যমতে, পাতারহাট এলাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দেওয়া হয়। পৌরসভার ভিতরে ডেলিভারি চার্জ রাখা হচ্ছে মাত্র ২০ টাকা। এছাড়া পৌরসভার বাহিরে ৫ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা এবং উলানিয়া-আলিগঞ্জসহ ৭ থেকে ১০ কিলোমিটার দূরত্বে ৬০ টাকা ডেলিভারি চার্জ নেওয়া হয়। নিজস্ব সাইকেলের মাধ্যমে দ্রুত ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে।
তিনি আরও বলেন, বিশেষ করে প্রবাসীদের পরিবার, যাদের পরিবারের সদস্যরা বাড়িতে একা থাকেন কিংবা যেসব পরিবারে পুরুষ সদস্য নেই, তাদের জন্য এই সেবাটি অনেক বেশি উপকারী হতে পারে। জরুরি সময়ে ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
উদ্যোক্তা জানান, “মানুষের উপকারের চিন্তা করেই আমাদের এই ফেসবুক পেজটি তৈরি করা হয়েছে। তবে এখনও তেমন সাড়া পাচ্ছি না। আমরা চাই মেহেন্দিগঞ্জের আরও বেশি মানুষের কাছে এই সেবাটি পৌঁছে যাক।”
স্থানীয়দের মতে, প্রযুক্তির এই সময়ে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য বেশ সহায়ক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে বেল্লাল হোসেন দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, চর বউডুবা র, বাসিন্দা ও পাতার হাট আর সি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
