আলিমাবাদে চরঘেরা জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার।

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রভাবশালী অবৈধ মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। নিষিদ্ধ ‘চরঘেরা জাল’ (বেড় জাল) ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় হুমকির মুখে পড়েছে এলাকার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আলাউদ্দীন খালের মাথায় সরেজমিনে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে পেতে রাখা হয়েছে চরঘেরা জাল। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ এমনকি মাছের পোনাও আটকা পড়ে নিধন হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ করছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে মাছের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন জেলেরা।

সরেজমিনে আরও দেখা গেছে, খালের মুখে জাল পেতে রাখায় নৌ-চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ ও জেলেদের ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় জেলেরা জানান, “এভাবে যদি চরঘেরা জাল দিয়ে মাছ ধরা চলতে থাকে, তাহলে অচিরেই নদীতে মাছের আকাল দেখা দেবে।”

এলাকাবাসী দ্রুত অবৈধ জাল উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।