মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নে টানা বৃষ্টির কারণে ইরি ধান ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ব্যাপকভাবে ইরি ধানের চাষ হয়েছে। বিশেষ করে সেলিমাবাদ, স্বাধীন বাজার, দারোগার চর, চর মহিষা, চর ডাইয়া ও সুইচ গেট এলাকায় বেশি চাষাবাদ হয়েছে।
৫নং ওয়ার্ডের কৃষক মালেক তালুকদার জানান, অধিকাংশ ধান ইতোমধ্যে পেকে গেছে। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান কাটা সম্ভব হচ্ছে না। বড় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না, আবার শ্রমিক দিয়েও ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, “ধান যদি বেশিদিন জমিতে পড়ে থাকে, তাহলে গাছ নুয়ে পড়বে বা মাটির সাথে মিশে যাবে। এতে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে পাকা ধান নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি কমলেই দ্রুত ধান কাটার ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
